ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন আবাসন নীতিমালায় ‘অছাত্রদের’ হলে থাকার বৈধতা দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীদের উদ্যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্ল্যাকার্ড ও স্লোগানে উত্তাল ক্যাম্পাস
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন আবাসন নীতিমালার বিভিন্ন ধারার তীব্র বিরোধিতা করে স্লোগান দেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল—‘Say No to গণরুম’, ‘আবাসনে রি-অ্যাডমিশন মানেই গণরুম’ এবং ‘গণরুমের পাঁতারা, রুখে দেবে শিক্ষার্থীরা’।
প্রশাসনের বিরুদ্ধে গণরুম পুনর্বহালের ষড়যন্ত্রের অভিযোগ
কর্মসূচিতে উপস্থিত থেকে ক্ষোভ প্রকাশ করে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, নতুন আবাসন নীতিমালার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত অছাত্র ও বহিরাগতদের হলে অবস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। দীর্ঘ আন্দোলন ও চেষ্টার পর সাধারণ শিক্ষার্থীরা যে অভিশপ্ত গণরুম প্রথা থেকে মুক্তি পেয়েছিল, প্রশাসন গভীর চক্রান্ত করে শিক্ষার্থীদের পুনরায় সেই গণরুমের দিকেই ঠেলে দিতে চাইছে। এই নীতিমালা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।
অন্যান্য নেতাদের উপস্থিতি
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এই বিতর্কিত আবাসন নীতিমালা সংশোধন বা বাতিল করার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা।
জেএস